গাজীপুরে ৩৫ ব্যবসায়ীকে বরাদ্দপ্রাপ্ত দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০০:১৪

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় ৩৫ ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে একতা টাওয়ারের মালিকদের বিরুদ্ধে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে গত সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছেন।

অভিযোগকারী ব্যবসায়ী মো. নাসির জানান, ১৯৯৬ সালে ৩৫ জন ব্যবসায়ী ২ লাখ টাকা করে দিয়ে কোনাবাড়ি এলাকায় আহম্মদ প্লাজায় ৩৫টি দোকানের স্থায়ী বরাদ্দ নেন। মার্কেটের মালিক মাহাতাবুর রহমান ঐসব দোকান বুঝিয়ে দেন। পরে তারা সেখানে শান্তিপূর্ণভাবে ব্যবসা করে আসছিলেন। পরবর্তী সময়ে আহম্মদ প্লাজার মালিক মাহাতাবুর রহমান ৪৬ শতাংশ জমিসহ ৫তলা ভবনটি ৬০ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। বিক্রির সময় লিখিত শর্ত ছিল ঐ ৩৫ দোকানের মালিকানা বরাদ্দ প্রাপ্তদেরই থাকবে। ২০০৯ সালে ঐ ৬০ ব্যবসায়ী আহম্মদ প্লাজা ভেঙে একতা টাওয়ার নামে নতুন ভবন নির্মাণ করেন। ২০১৮ সালের শুরুর দিকে একতা টাওয়ার নির্মাণ শেষ হলেও ৩৫ ব্যবসায়ীকে তাদের দোকান বুঝিয়ে দেওয়া হচ্ছে না। ঐ ব্যবসায়ীরা একতা টাওয়ারে দোকান চাইতে গেলে খারাপ আচরণ করে বের করে দেওয়া হয়। অনেকে জমি বিক্রি করে দোকানের পজিশন কিনে এখন নিঃস্ব। বর্তমানে তারা কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এ ব্যাপারে একতা টাওয়ারের আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ৬০ ক্রেতার একজন। আমার একক সিদ্ধান্তে কোনো কাজ হবে না। সব ক্রেতারা মিলে সিদ্ধান্ত নিতে হবে। আর দোকান বরাদ্দের বিষয়ে দলিলে সমস্ত কিছু উল্লেখ আছে। তাই দলিলের বাইরে যাওয়ার সুযোগ নেই।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ওসি এমদাদ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন। দুই পক্ষকে ডেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।