নানজীবার প্রামাণ্যচিত্র দি আনওয়ান্টেড টুইন

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৯:০৯

সম্প্রতি শেষ হলো সত্য ঘটনা অবলম্বনে নানজীবা খানের রচনা ও পরিচালনায় পূর্ণদৈর্ঘ্যের ডক্যুফিল্ম ‘দি আনওয়ান্টেড টুইন’-এর শুটিং। এসএমসি নোরিক্স ওয়ান নিবেদিত এই প্রামাণ্যচিত্রটির কো-স্পন্সর জীম’স কালেকশন। প্রোডাকশন ডিজাইনার আলোক হাসান, সহকারী পরিচালক দেবাশিস কুমার দে, আতিকুর রহমান অপু, স্থির চিত্রগ্রাহক আরমান খান রিফাত, সিনেমেটোগ্রাফার আমির হামজা ও পাভেল মাহমুদ জয়। প্রামাণ্যচিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিপা খন্দকার, ওয়াহিদা মল্লিক জলি, ড. এনামুল হক, শামস সুমন, সোহেল খান, নওশাবা আহমেদ, শান্তা রহমান, অ্যানি খান, শিরিন আলম, রাজু আলীম, সাইফ সাইফুলসহ আরো অনেকে। এছাড়াও ছয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে দেখা যাবে আফসানা মিমি, দিলারা জামান, বন্যা মির্জা, চিত্রনায়িকা ববি হক, হোমায়রা হিমু ও আরজে ত্যাজকে। কেন ছবিটি দেখবে দর্শক? উত্তরে নানজীবা বলেন, ‘আমি তারকা নয়, অভিনয়শিল্পীদের নিয়ে কাজটি করেছি। আমার এই প্রামাণ্যচিত্র সকল দর্শকের জন্য না। দর্শক কী দেখবে না দেখবে, সেটি তাদের ব্যাপার। আমি আমার শতভাগ দিয়েছি এবার দর্শকের পালা। তাদের ইচ্ছা হলে দেখবে না হলে দেখবে না, এখানে অনুরোধের কিছু নেই।’ এটি নির্মাণ করতে যেয়ে কোনো বাধা পেয়েছেন কি না? তিনি বলেন, ‘অধিকাংশ মানুষই বলেছে তুমি একজন মেয়ে, তোমার বয়স কম, এরকম একটি সেন্সেটিভ বিষয় নিয়ে কাজ করাটা তোমার জন্য হুমকি হতে পারে। আমি বলব, এটা আমার লাইফ, আমি একবেলা না খেয়ে থাকলে কেউ খবরও নিতে আসবে না, তাই কে কী বলল, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আর আমার বয়স ১৮ বছর হয়ে গেছে, আমি এখন আর বাচ্চা না যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারব না।’