যুবাদের
বিশ্বকাপ
প্রস্তুতি
স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে পাঁচ ওয়ানডের সিরিজে দুই ম্যাচ শেষে ১-০ তে এগিয়ে বাংলাদেশ যুবদল। ৬ অক্টোবর তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। আগামী ১৩ অক্টোবর সফরের শেষ ম্যাচটি খেলবে আকবর আলীর দল।
আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে আর একটি প্রতিযোগিতামূলক সিরিজ খেলবে বাংলাদেশ যুব দল। দেশের মাটিতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হোম সিরিজই বিশ্বকাপের আগে যুবাদের শেষ আন্তর্জাতিক সিরিজ।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার এইএম কাওসার গতকাল জানিয়েছেন, আগামী ২৩ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে লঙ্কান যুব দল। সফরে বাংলাদেশের বিরুদ্ধে দুইটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে লঙ্কানরা।
এই হোম সিরিজের পর কিছুদিনের বিশ্রাম পাবেন যুব দলের ক্রিকেটাররা। ডিসেম্বরের দ্বিতীয় ভাগ থেকে আবার শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। কন্ডিশনে মানিয়ে নিতে বিশ্বকাপ শুরুর দিন সাতেক আগেই দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশের যুবারা। সেখানে স্থানীয় দলগুলোর বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তারপরই শুরু হবে বিশ্বকাপের মূল মিশন। যার জন্যই গত দেড় বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজের মধ্য দিয়ে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ যুব দল।
জানা গেছে, নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের দলে থাকা ক্রিকেটারদের বেশিরভাগই থাকবেন না শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের চার দিনের ম্যাচের দলে। এই হোম সিরিজের চার দিনের ম্যাচগুলোর জন্য বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ তৈরি করেছে আরেকটি বিকল্প দল। যেখানে লম্বা সময় ব্যাটিং করতে পারেন এমন ব্যাটসম্যানদের সুযোগ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড সফরের স্ট্যান্ডবাই তালিকায় থাকা ছয় ক্রিকেটারসহ বিকল্প দলটাতে রয়েছেন অন্তত ২২ জন ক্রিকেটার। তাদেরকে নিয়েই গঠন করা হবে লঙ্কানদের বিরুদ্ধে দুইটি চার দিনের ম্যাচের দলটা।
নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলা দল থেকে অফফর্মে থাকা ব্যাটসম্যানদেরও সুযোগ দেওয়া হবে এই দলে। সেটি টিম ম্যানেজমেন্ট যাকেই প্রয়োজন বোধ করবে তাকে পাঠানো হবে চার দিনের ম্যাচের দলে।
হোম সিরিজের পর বিশ্রাম শেষে শুরু হবে বিশ্বকাপের ক্যাম্প। ঐ ক্যাম্পে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুব দল। গত দেড় বছরে খেলা আন্তর্জাতিক সিরিজগুলোতে ক্রিকেটারদের পারফরম্যান্সও রিভিউ করা হবে ক্যাম্পে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার গতকাল বলেছেন, আমাদের দলটা অনেকগুলো আন্তর্জাতিক সিরিজ খেলেছে। শ্রীলঙ্কা সিরিজের পর আর আন্তর্জাতিক ম্যাচ নেই। ডিসেম্বরে ক্যাম্প চলাকালীন ক্রিকেটারদের নিয়ে বড়ো আকারে কাজ করা হবে। সবার ভুল-ত্রুটি শোধরানো, অতীতের পারফরম্যান্স রিভিউ করার কাজ হবে। জানুয়ারিতে বিশ্বকাপ খেলতে চলে যাবে দল।
