বিবিসি
মালিতে সেনাবাহিনীর দুটি ঘাঁটিতে জঙ্গি হামলায় কমপক্ষে ২৫ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এতে ৬০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। গত সোমবার বুরকিনা ফাসো সীমান্তের কাছে বুলকেসি ও মোন্দারোর সেনা ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।
মালি সরকারের তরফ থেকে বলা হয়েছে, জঙ্গিদের হামলার জবাবে তাদের সৈন্যরাও পালটা হামলা চালায়। এতে ১৫ জঙ্গি নিহত হয় বলে সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে। এতে আরো বলা হয়, সরকারি সৈন্যরা তাদের ঘাঁটি দুটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে সেনাবাহিনীর অনেক অস্ত্রশস্ত্র ও যানবাহন জঙ্গিদের কবজায় চলে যায়। মালির সেনাবাহিনী এখন সেখানে ফরাসি ও বুরকিনা ফাসোর সৈন্যদের নিয়ে যৌথ অভিযান চালাচ্ছে।
দেশটিতে ২০১২ সাল থেকেই জঙ্গিদের তত্পরতা শুরু হয়। তখন তারা উত্তরাঞ্চলে বেশ সক্রিয় হয়ে ওঠে। সরকারি বাহিনীর বিরুদ্ধে এ ধরনের হামলাকে চলতি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করা হয়েছে।
ফ্রান্সের সহায়তায় বুরকিনা ফাসো, শাদ, নাইজার, মৌরিতানিয়াসহ আফ্রিকান দেশগুলো জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে জি-৫ সাহেল। এই হামলার পেছনে আল-কায়েদা সংশ্লিষ্ট আনসারুল ইসলামকে সন্দেহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।
