জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের পরে জঙ্গি হামলা হতে পারে ভারতে। সীমান্ত পেরিয়ে এসে নাশকতা চালাতে পারে সন্ত্রাসবাদীরা। এমনটা আশঙ্কা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের। আমেরিকার ইন্দো-প্যাসিফিক সুরক্ষা বিভাগের সহকারী সচিব রাইল স্রিভার মনে করেন, পাকিস্তানের উচিত জঙ্গিগোষ্ঠীর কোনো রকম সক্রিয়তা আটকাতে কড়া ব্যবস্থা নেওয়া। খবর আনন্দবাজার পত্রিকার
মঙ্গলবার স্রিভারকে ওয়াশিংটনে এক সাংবাদিক বৈঠকে জম্মু-কাশ্মীর বিষয়ে ভারতের প্রতিবেশী দেশগুলোর অবস্থান নিয়ে একগুচ্ছ প্রশ্ন করা হয়। তাকে জিজ্ঞেস করা হয়, চীন কেন কাশ্মীর ইস্যুতে ভারত বিরোধিতায় পাকিস্তানের পক্ষ নিচ্ছে? উত্তরে পেন্টাগন প্রতিনিধি স্রিভার বলেন, আমার ধারণা, পাকিস্তানকে চীন আসলে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমর্থন করছে। এই সমর্থন আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেছে। যখনই কাশ্মীর বিষয়টি সম্মিলিত জাতিপুঞ্জে এসেছে চীন সমর্থন করেছে। তবে এর থেকে বেশি সক্রিয়তা আমি দেখিনি।
ভারতের সুরক্ষা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেকেই ভারতের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো সীমান্ত পেরিয়ে এসে হামলা চালাতে পারে। ‘এই সংঘাতের আবহকে কেন চীন সমর্থন করছে আমি জানি না’, উক্তি স্রিভারের। স্রিভার মনে করেন, ভারতের শক্তিবৃদ্ধি চীনের অন্যতম মাথা ব্যথা। তার দাবি, পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধির কারণেই চীন পাকিস্তানের দিকে ঝুঁকেছে।
