‘হিরা-খচিত’ বিমানের ছবি ভাইরাল

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৮:২৫

আরব আমিরাতের বিমান সংস্থা এমিরাটসের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে পোস্ট করা ‘হিরা-খচিত বিমান’র ছবি নিয়ে আলোড়ন উঠেছে বিশ্বজুড়ে। অনেক ইন্টারনেট ব্যবহারকারী এ ছবি দেখে মুগ্ধ হয়েছেন, অনেকে প্রশ্ন তুলছেন এটি আসল কিনা। এনডিটিভি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে এমিরাটসের বিমানটির গায়ে জ্বলজ্বল করছে হিরা। যেন লাখো খণ্ড হিরা লাগিয়ে দেয়া হয়েছে বিমানটির বাইরের আবরণে।

মূলত, বিমানটির ছবি পোস্ট করলেও এটি হিরা-খচিত বলে উল্লেখ করেনি এমিরাটস। কিন্তু ইন্টারনেটে বিমানটি হিরা খচিত বলে গুজব ছড়িয়ে পড়ে।

এ নিয়ে গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে আরও একটি টুইট করে এমিরাটস। এতে বলা হয়, ‘এটি এমিরাটসের ব্লিং-৭৭৭ বিমানের উপস্থাপনা। ছবিটি তৈরি করেছেন সারা শাকিল।’

আরও পড়ুনঃ ঢাকা-১: ভোটযুদ্ধে সালমান এফ রহমান, আশফাক ও সালমা ইসলাম

আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সারা শাকিল একজন গ্রাফিকস শিল্পী। ক্রিস্টাল ইমেজ নিয়ে কাজ করেন। ইন্সট্রাগ্রামে তার চার লাখের বেশি ফলোয়ার রয়েছে।

একটি বিমানের গায়ে হিরা লাগিয়ে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন সারা। ছবিটি দেখে পছন্দ হয় এমিরাটস কর্তৃপক্ষের। পরে তার অনুমতি নিয়ে ছবিটির আইডিয়া ব্যবহার করে এমিরাটস।

ইত্তেফাক/টিএস