কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরে ঝুঁকিপূর্ণ চিহ্নিত হবার পরও উপরের দিকে বর্ধিত করা ভবন ভেঙ্গে দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। বুধবার বেলা ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ভাঙ্গন অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে শহরের পানবাজার সড়কের মনজুর প্লাজায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কউক সূত্র জানায়, ইতোপূর্বে ঝুঁকিপূর্ণ ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বিভিন্ন ধারার নোটিশ প্রদান করা হয়। নিরাপত্তার স্বার্থে ভবনের দোকান মালিকদেরকে আগামী এক মাসের মধ্যে দোকান ছেড়ে দেয়ার জন্য বলা হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, কউক সৃষ্টির আগে যা হয়েছে তা পরিবর্তন করা অসাধ্য। কিন্তু বর্তমানে পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত রয়েছে।
