চট্টগ্রাম অফিস
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে ‘অহিংসায় বুনি সম্প্রীতির দেশ’ শীর্ষক আন্তর্জাতিক অহিংস দিবসের গোলটেবিল বৈঠক গতকাল বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা বলেন, সমাজের সহনশীলতার চর্চা বৃদ্ধিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে হবে। সহিংসতা নিরসনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক অঙ্গনের সর্বত্র পরমতসহিষ্ণুতার চর্চা বাড়াতে হবে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সদরুল আমিনের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কামাল তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, মহানগর বিএনপির উপদেষ্টা জাহেদুল করিম কচি, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ প্রমুখ।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিস প্রেসার গ্রুপের আয়োজনে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ। সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও সুজনের সভাপতি অঞ্জন পুরকায়স্থের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজ প্রমুখ। ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
