আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বুধবার থেকে সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের মহাত্মা গান্ধীর জন্মদিন, শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে এ স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া-আগরতলা স্থলবন্দরের দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের প্রেক্ষিতেই এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে বুধবার সকাল থেকে এ বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি আরো বলেন, ১৫ অক্টোবর সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
