ভেজাল গুড় তৈরির কারখানায় জরিমানা:৩০ মণ গুড় জব্দ

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২১:২৭

বাঘা (রাজশাহী) সংবাদদাতা 

রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামে ভেজাল গুড় তৈরির কারখানায় হানা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন ও বাঘা থানা পুলিশ। এ অভিযানে ভেজাল গুড় তৈরির উপকরণ পাওয়ার অপরাধে কারখানার মালিক নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 

খোঁজ নিয়ে জানা যায়, বাঘা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন এবং বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আতিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে    উপজেলার পীরগাছা এলাকায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০ মণ ভেজাল গুড়সহ তৈরির একাধিক উপকরণ জব্দ করা হয়।

এদিকে কারখানার মালিক নজরুল ইসলাম তার অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেজাল গুড় তৈরির অভিযোগে তিন মাসের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা করেন নজরুল ইসলামকে। ঘটনার এক পর্যায়ে নজরুল ইসলাম জরিমানার টাকা পরিশোধ করে জেলখাটার হাত থেকে মুক্তি পান।

স্থানীয় লোকজন জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন থেকে অধিক মুনাফালাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ, রং ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে উপজেলার হাটবাজারে বিক্রি করে আসছে। সেই সঙ্গে গুড়ের রং উজ্জ্বল করতে মেশাতেন বিষাক্ত কেমিক্যাল। ভেজাল উপকরণ দিয়ে এক কেজি গুড় তৈরি করতে খরচ হতো ৪০ থেকে ৪৫ টাকা। পক্ষান্তরে এক কেজি গুড়ের দাম ৫৫ থেকে ৬৫ টাকা। সে কারণে সে অধিক মুনাফালাভের আশায় ভেজাল উপকরণ মিশিয়ে গুড় তৈরি করতেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন।