নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অল্প কিছু মানুষের হাতে সম্পদের চরম ও ক্রমাগত কেন্দ্রীকরণ হচ্ছে। একই সঙ্গে তা পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে কেন্দ্রীভূত হচ্ছে। এভাবে পৃথিবীর অবশিষ্ট এলাকা ক্রমাগতভাবে সম্পদশূন্য হয়ে যাচ্ছে। এটা পৃথিবীর ভূ-রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করছে এবং দেশগুলোর অভ্যন্তরে ও বিভিন্ন দেশের মধ্যে সামাজিক ভারসাম্য বিনষ্ট করে দিচ্ছে। এ কারণে পৃথিবী এখন বিপর্যয়ের পথে এগিয়ে চলেছে। সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে বিশ্বনেতাদের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
হার্ভার্ড ক্লাবে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়নের যুগে ভূ-রাজনীতি’ শীর্ষক সম্মেলনের আয়োজক ছিলেন বিশিষ্ট মানবাধিকার ফাউন্ডেশন ‘রবার্ট এফ কেনেডি :রিপল্স অব হোপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কেরি কেনেডি।
সম্মেলনে প্রফেসর ইউনূস বর্তমান পৃথিবী নিয়ে তার তিনটি উদ্বেগের কথা তুলে ধরেন। এর মধ্যে একটি হচ্ছে সম্পদের কেন্দ্রীকরণ। তার মতে, এই প্রক্রিয়ায় বিশ্ব বিপর্যয়ের পথে এগোচ্ছে। তার দ্বিতীয় উদ্বেগটি হচ্ছে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়, যা দ্রুত সংঘটিত হচ্ছে অথচ এটা বন্ধ করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তার তৃতীয় উদ্বেগটি হচ্ছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের দ্রুত বিস্তৃতি, যা অর্থনৈতিক জীবনের সব ক্ষেত্রে মানুষের জায়গা দখল করে নেবে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স মানুষের সব কাজ কেড়ে নিলে মানুষ পৃথিবীতে আদৌ টিকে থাকতে পারবে কি না—এ নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। গতকাল ঢাকায় ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
