ঐক্যফ্রন্টের এক বছর পূর্তিকে ঘিরে কর্মসূচি পালন নিয়ে আলোচনা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০০:১৩

ফ্রন্টের ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এনিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে আলোচনা করেছেন।

আগামী ১৩ অক্টোবর ঐক্যফ্রন্ট গঠনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। গতকালের বৈঠকে ওইদিন ঢাকায় একটি আলোচনা সভা করার বিষয়ে কথা হয়েছে। এছাড়া অক্টোবর ও নভেম্বরে দেশের বিভিন্ন শহরে সমাবেশের ব্যাপারেও আলোচনা হয়। ২৯ ডিসেম্বর ঢাকায় ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন ফ্রন্ট নেতারা। আগামী ৬ অক্টোবর ফের বৈঠকে বসে কর্মসূচির বিষয়ে আলোচনা করবেন তারা।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।