সিরাজগঞ্জে মেয়ের দুই প্রেমিকের হাতে বাবা খুন, একজন আটক

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০০:১৪

সিরাজগঞ্জের কাজিপুরে মেয়ের দুই প্রেমিক এবং তার সহযোগীদের মারপিটে আব্দুর রউফ সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রেমিক কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত আব্দুর রউফ সাইদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম দুবলাই গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। আটক আমিনুল ইসলাম আলমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) গৌতম চন্দ্র মালী জানান, আব্দুর রউফের মেয়ে সোনিয়ার সঙ্গে বাঐখোলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাশেদের প্রেমের সম্পর্ক ছিল। তাদের এ সম্পর্ক ভেঙ্গে গেলে আমিনুল ইসলামের সঙ্গে সম্পর্কে জড়ান ঐ মেয়ে।

বুধবার দুপুরে সোনিয়া কলেজ থেকে আমিনুলের সাথে বাড়ি ফিরছিলেন। পথে সাবেক প্রেমিক রাশেদ ও তার লোকজন পথরোধ করে। এ সময় সোনিয়া তার বাবাকে ফোন করলে ঘটনাস্থলে এসে দুই প্রেমিকের উপরই চড়াও হন। আমিনুল ইসলামকে চড়-থাপ্পর মারেন। এ অবস্থায় সোনিয়ার সাবেক ও বর্তমান প্রেমিক এবং সহযোগীরা তাকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুত্ফর রহমান জানান, প্রেমিক আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।