যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের অভিশংসন তদন্তকে ‘অভ্যুত্থান’ বলে উল্লেখ করেছেন। তাকে ক্ষমতা থেকে সরাতেই এই চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই প্রথম ডেমোক্র্যাটদের তদন্ত নিয়ে এমন অভিযোগ এলো ট্রাম্পের কাছ থেকে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্বীকার করেছেন, ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপের সময় তিনিও ছিলেন। খবর এনবিসি নিউজ ও রয়টার্সের
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট টুইটারে লিখেছেন, ‘আমি প্রতিদিন শিখছি। এখন সিদ্ধান্তে এসেছি যে আমাকে অভিশংসন করার সিদ্ধান্ত আসলে একটি ‘ক্যু’। মার্কিন নাগরিকদের ভোটাধিকার, স্বাধীনতা ও ঈশ্বরপ্রদত্ত সমস্ত অধিকার কেড়ে নিতেই এই চক্রান্ত চলছে। অভিযোগ আছে, ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত ফের শুরু করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এই অভিযোগকে কেন্দ্র করেই গত বুধবার প্রতিনিধি পরিষদ উত্তাল হয়। ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করে দেন। স্পিকার ন্যান্সি পেলোসি ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পরে অভিশংসনের তদন্ত শুরু করার কথা ঘোষণা করেন। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে ট্রাম্পের ভবিষ্যত্ নিয়ে। তদন্তের পরে কি তাকে সাংবিধানিক পদ থেকে সরিয়ে দেওয়া হবে—জল্পনা চলছে তা নিয়েও।
প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি অন্যায় করেননি। তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত চলছে। মঙ্গলবার ট্রাম্প প্রতিনিধি পরিষদের কমিটির তিন সদস্যকে দায়ী করেন অভিশংসনের তদন্তের সিদ্ধান্তের জন্য। তার মতে, পররাষ্ট্র দপ্তরের বাছাই করা কিছু পেশাদার মানুষকে অসম্মান করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
