সময়ের অভাবে আজকাল অনেকেরই পরিবার কিংবা বন্ধুদের নিয়ে কোথাও ঘুরে আসাটা হয়ে ওঠে না। ঢাকার একেবারে আশপাশেই যারা পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একদিনের জন্য ঘুরে আসতে চান, তারা চলে যেতে পারেন টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি ভ্রমণে।
মহেরা জমিদার বাড়ির মতো সযত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। টাঙ্গাইল সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে আট একর জায়গাজুড়ে বিস্তৃত জমিদার বাড়িটি প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন স্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির প্রবেশপথে দুটি সুরম্য প্রবেশদ্বার। বিশালাকার তিনটি ভবনের সাথে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দীঘি ও আরও তিনটি লজ রয়েছে। প্রবেশ পথের আগেই বিশাখা সাগর নামে একটি দীঘি আছে। মূল ভবনে পিছনের দিকে পাসরা পুকুর ও রানী পুকুর নামে আরও দুইটি পুকুর রয়েছে। মহেড়া জমিদার বাড়ি দেখতে ঢাকা থেকে আপনাকে যেতে হবে টাঙ্গাইল জেলার নটিয়াপাড়া বাসস্ট্যান্ড। এর দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে প্রায় আড়াই ঘণ্টা। ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইলের বিভিন্ন নন-এসি বাস রয়েছে, যার ভাড়া ১৬০ টাকা। কল্যাণপুর থেকে এসি বাস ছাড়ে যার ভাড়া ২৫০ টাকা। নাটিয়াপাড়ায় নেমে সিএনজি বা রিকশাযোগে মহেরাপাড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হবে। মহেরা জমিদার বাড়িটিই বর্তমানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছে।
