সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার স্বামী ও এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান। বুধবার রাতে সাভারের আমিনবাজার সালেহপুর ও বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, বুধবার রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে সড়কের উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীত থেকে আসা একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-৪২-৪২৫২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রাইভেটকারে থাকা সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান (৩৯) গুরুতর আহত হন। তার স্বামী ঠিকাদার কাজী সেলিমুর রহমান (৪৫) ঘটনাস্থলেই মারা যান। পরে খালেদা আক্তারকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজিত কুমার সাহা জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকার উদ্ধার করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালাতক রয়েছে।
বৃহস্পতিবার সকালে সাভারে ঢাকা-আরিচা মহাড়কের রেডিও কলোনী এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় আহমদ আলী নামে এক পথচারী যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আহমদ আলী সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লার কোরান আলীর ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোন গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: শিবগঞ্জে বন্যার অবনতি, প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি
এছাড়া নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, 'নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ইত্তেফাক/নূহু
