টানা পঞ্চম মেয়াদে নিটওয়্যার পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম সেলিম ওসমান এমপি। তার নেতৃত্বাধীন ২৭ সদস্যের পরিচালনা পর্ষদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই পর্ষদ আগামী দুই বছরের জন্য সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করবে। ২০১০ সালের জুলাই থেকে সেলিম ওসমান একটানা সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। গতকাল বৃহস্পতিবার বিকেএমইএর প্রধান কার্যালয়ে নতুন নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
সংগঠনটির প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, দ্বিতীয় সহসভাপতি অমল পোদ্দার, তৃতীয় সহসভাপতি গাওহার সিরাজ জামিল ও সহসভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার সোহেল। এছাড়া এই পর্ষদে রয়েছেন ২২ জন পরিচালক।
এর আগে ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ২৭টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের চেয়াম্যানের কাছে জমা দেন। আগামী ২৬ অক্টোবর ভোট গ্রহণের কথা রয়েছে। প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের আগেই গতকাল সদস্য বিশিষ্ট বিকেএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী।
