সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পে ঋণ দিচ্ছে ডেনমার্ক

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২০:৩৫

সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ নির্মাণের জন্য ঋণ দিচ্ছে ডেনমার্ক। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে একটি ঋণচুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. নাহিদ রশীদ এবং ডেনমার্কের রাষ্ট্রদূত উইনিন ইসট্রিউপ পিটারসন সই করেন। এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী ডানিডা বিজনেস ফিন্যান্স বাংলাদেশকে ১ হাজার ৮২০ কোটি টাকা সুদবিহীন ঋণ দেবে। প্রকল্পের ফেজ-৩ বাস্তবায়নের মাধ্যমে প্রতিদিন সাড়ে ৪ লাখ ঘনমিটার পানি পরিশোধনের জন্য সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং প্রতিদিন ৯ লাখ ঘনমিটার পানির জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন প্ল্যান্ট নির্মাণ করা হবে। অনুষ্ঠানে উইনিনি ইসট্রিউপ পিটারসন বলেন, এসডিজি বাস্তবায়নে নিরাপদ পানি সরবরাহ জরুরি। অভ্যন্তরীণ উেসর পানির স্তর নিচে নেমে যাচ্ছে তাই পরিবেশ রক্ষায় ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। প্রকল্পের মাধ্যমে মেঘনা নদী থেকে পানি এনে বিশুদ্ধ করা হবে। চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটিতে ডানিডা বিজনেস ফিন্যান্সের ১ হাজার ৮২০ কোটি টাকা অর্থায়ন করবে। প্রকল্পের নির্মাণ সম্পন্ন ও হস্তান্তরের ৬ মাস পর থেকে ১০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।