পটুয়াখালীর দশমিনায় নদীতে বিলীন হচ্ছে সড়ক। ফলে বন্ধ হয়ে গেছে বড়ো ধরনের যান চলাচল। এ ছাড়া, নদীভাঙনের কারণে কৃষিজমি ও বসতঘর নিয়ে শঙ্কায় দিন পার করছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজার থেকে দশমিনা সদর ইউনিয়নের হাজিরহাট পর্যন্ত জলবায়ু তহবিলের আওতায় নির্মিত পাকা সড়কটি বছর পূর্ণ হওয়ার আগেই নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেকসই উন্নয়নের লক্ষ্যে বিশ্ব জলবায়ু তহবিলের অর্থায়নে ১০ কোটি টাকা ব্যয়ে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজার থেকে দশমিনা সদর ইউনিয়নের হাজিরহাট পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক পাকা নির্মাণ করা হয়। গত বছরের মার্চের দিকে সড়কটির কাজ সম্পন্ন হয়। সড়কটি কোস্টাল ক্লাইমেট রেজিরিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার (সিসিআরআইপি) জলবায়ু প্রকল্পের আওতায় সড়কের নির্মাণকাজ বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ।
সড়কটি নির্মাণে অনিয়মের অভিযোগে উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি পিএম রায়হান বাদল লিখিত অভিযোগও দেন।
উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম ইত্তেফাককে বলেন, সড়কটি নির্মাণে অনিয়ম হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই সমস্যা সমাধান করা হবে।
