মৌলভীবাজার প্রতিনিধি : ‘সবাই হলে সচেতন, ইভটিজিং রুখতে কতক্ষণ’—স্লোগান নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে ইভটিজিং প্রতিরোধে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমদ, পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক অজয় সেন প্রমুখ। র্যালীতে পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ‘সামাজিক সচেতনতা ছাড়া ইভটিজিং প্রতিরোধ করা সম্ভব নয়। তাই যার যার অবস্থান থেকে ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন করতে হবে এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজ থেকে ইভটিজিং নির্মূল হবে’ —ইত্তেফাক
