বৈশ্বিক মানসিক স্বাস্থ্যে উদ্ভাবনী নারী নেতৃত্বের ১০০ জনের একটি তালিকায় স্থান করে নিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। সম্প্রতি নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিভিত্তিক ‘গ্লোবাল মেন্টাল হেলথ প্রোগ্রামস কনসোর্টিয়ামের’ চেয়ার ড. ক্যাথলিন পাইক ‘ফাইভ অন ফ্রাইডে’ শিরোনাম ব্লগে ঐ তালিকা তুলে ধরেছেন।
মানসিক রোগ অনুধাবন, প্রতিরোধ ও চিকিত্সার উন্নয়নে অগ্রদূত এসব নারীর ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগ বিবেচনায় নিয়ে নামের আদ্যাক্ষরের ভিত্তিতে তালিকাটি করা হয়েছে। মূলত ফোরবসের তালিকার প্রতিক্রিয়ায় ড. পাইক মানসিক স্বাস্থ্যে উদ্ভাবনী নারী নেতৃত্বের এই তালিকা তৈরি করেন। বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে অটিজমসহ মানসিক স্বাস্থ্যসেবার প্রসারে নিয়োজিত। তিনি অটিজমবিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি। ২০১৭ সালে ডব্লিউএইচও তাকে মানসিক স্বাস্থ্য বিষয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘শুভেচ্ছা দূত’ নিয়োগ দেয়। স্কুল সাইকোলজিস্ট হিসেবে যুক্তরাষ্ট্রে সনদপ্রাপ্ত সায়মাকে এর আগে এই অঞ্চলের জন্য অটিজমবিষয়ক চ্যাম্পিয়ন নিয়োগ দেয় ডব্লিউএইচও। তার উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজমবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
