শত কোটি টাকার নকল ইলেকট্রনিকস পণ্য জব্দ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২২:৩২

সিদ্ধিরগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় শত কোটি টাকার নকল ইলেকট্রনিক্স পণ্য ও প্রসাধন সামগ্রী জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাত ১০টার দিকে ম্যাক্স ইলেকট্রো ইন্ডাস্ট্রিজ নামের ঐ কারখানায় অভিযান চালানো হয়। এ সময় আটজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ প্রেস ব্রিফিং করে জানান, কারখানাটিতে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নকল ইলেকট্রনিক্স পণ্য ও প্রসাধন সামগ্রী তৈরি করা হতো। কারখানাটিতে প্রায় শত কোটি টাকার নকল পণ্য মজুত রয়েছে। কারখানা থেকে গোয়েন্দা পুলিশ গুদামজাত করা এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন এবং চীন ও ভারতের বিভিন্ন নামি-দামি কোম্পানির নকল প্রসাধনী উদ্ধার করে। ইলেকট্রনিক্স পণ্যগুলোতে এলজি, প্যানাসনিক, স্যামসাং ও সনি ব্র্যান্ডের নাম লেখা। প্রসাধনী পণ্যগুলোর মোড়কে লন্ডন, চীন ও ভারতের তৈরি লেখা থাকলেও তা এ কারখানাতেই তৈরি করা হয় বলে      জানিয়েছেন কারখানার কারিগররা।

পুলিশ সুপার আরো জানান, কারখানাটির মালিক ঢাকার বেলায়েত হোসেন নামের এক ব্যক্তি। কারখানাটিতে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নকল ইলেকট্রনিক্স পণ্য ও প্রসাধন সামগ্রী তৈরি করে বাজারজাত করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

কারখানা থেকে আটকরা হলেন: সহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, সোহাগ, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, রাজিব, মেহেদী হাসান  ও মাইনুল ইসলাম। এরা সবাই কারখানাটিতে কাজ করতেন বলে জানা গেছে।