ফেসবুক আইডি হ্যাক করে অশ্লীল ছবি আপলোড

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২২:৩৯

ফেসবুক আইডি হ্যাক করে অর্থ আদায়কারী এক যুবককে গ্রেফতার করেছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম। গ্রেফতারকৃত যুবক হলেন—মো. কাউছার আহমেদ ওরফে কাউসিন ওরফে জিসান ওরফে সোলেমান খান ওরফে আলিফ ওরফে মুকুল দাস ওরফে কামরুল ইসলাম ওরফে সায়ের মোহাম্মদ ওরফে মোসলেম খাঁন (২০)।

বুধবার রাতে কুমিল্লার কোটবাড়ি থানা এলাকার শহিদ মোহাম্মদ মোস্তফা কামাল হোস্টেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, নগদ এবং মোবাইল ব্যাংকিংসহ মোট ৫ লাখ ৭৭ হাজার ৭৮৬ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত যুবকের ব্যবহূত স্মার্টফোনে অভিযোগকারীর ফেসবুক আইডিসহ দুই শতাধিক আইডি পাওয়া গেছে। যা জব্দ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি ওবায়দুর রহমান জানান, গত ১০ জুলাই মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে ঐ যুবককে গ্রেফতার করে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। কাউছার আহমেদ ফিশিং লিংকের মাধ্যমে হ্যাক করে ফেসবুক আইডির টাইমলাইনে ও ইনবক্সে অশ্লীল ছবি/ভিডিও ও অশ্লীল কথাবার্তা লিখে পোস্ট করে সম্মানহানির ভয় দেখিয়ে আইডি ফেরত দেয়ার শর্তে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করতেন।

এক্ষেত্রে তার দেওয়া বিকাশ পারসোনাল/এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কাছে টাকা পাঠাতে বলতেন। মামলার বাদী এবং বেশ কিছুসংখ্যক ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে হ্যাকারকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন।

এদিকে ফেসবুক চালাতে নাগরিকদের জন্য কিছু পরামর্শ দিয়েছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। পরামর্শগুলো হলো—প্রোফাইল থেকে ইয়াহু মেইল এখনি সরিয়ে অন্য নিরাপদ মেইল ব্যবহার করা, অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন যুক্ত করা, তিনের বেশি ট্রাস্টেড (বিশ্বস্ত) কন্টাক্ট ব্যবহার করা, এগুলো ফেসবুকের সেটিংস ও প্রাইভেসি/ সেটিংয়ে গিয়ে সিকিউরিটি ও লগ ইন এ প্রবেশ করে অপশনগুলো ট্রাই করা এবং আইডি হ্যাক হলে অবশ্যই থানায় জিডি করে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের সহায়তা নেওয়া।