স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। দেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সকলে সম্মিলিতভাবে কাজ করলে এবং দুর্নীতিকে সমূলে উত্পাটন করতে পারলে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। গতকাল বৃহস্পতিবার গাবতলী বেড়িবাঁধস্থ বড়বাজার এলাকায় সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারের উদ্বোধন ও চলতি বছর ঢাকা জেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্যোন্নয়ন হয়। বিএনপি ক্ষমতায় থাকাকালে শুধু দুর্নীতি-লুটপাটই করেনি, তারা বারবার দেশকে ক্ষতবিক্ষত করেছে। তাদের সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহবান জানান মন্ত্রী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং মুজিবনগর সরকার তথা বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামে ঢাকা জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ০.৮৪ একর জমির ওপর কনভেনশন সেন্টারটি নির্মাণ করা হয়।
ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খানসহ জনপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া গতকাল শেরে-বাংলা নগরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সম্পর্কিত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
