নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ড. আব্দুল মঈন খানের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। হামলায় মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
মঙ্গলবার বিকালে নির্বাচনী এলাকার আমদীয়া ইউনিয়নের বেলাব বাজারে এ ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন।
পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, আমদীয়া ইউনিয়নে আব্দুল মঈন খান নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগে করতে যায়। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি বেলাব বাজারে পৌঁছলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাও মিয়ার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের ৩০/৪০ জন নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও ৪টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো বলেন, ভাঙচুরে বাধা দিতে গিয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেলসহ ছাত্রদল ও যুবদলের ১০ জন নেতাকর্মী আহত হয়। তারা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরো পড়ুন: বছরের শেষ চমক ক্যাটরিনার!
এ ব্যাপারে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরীয়ার আলমে সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, হামলার ঘটনাটি জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/জেডএইচ
