ঘর থেকে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০০:১৭

রাজধানীর মিরপুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শাহনাজ পারভীন (৬৪)। তিনি পরিবারের সঙ্গে ঐ বাড়িতে থাকতেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার এক বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে মিরপুর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নিহত শাহনাজ পারভীন পরিবারের সঙ্গে যে বাড়িতে থাকতেন সেই বাসার নিচতলার একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সে সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিয়ে কথা বললে মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির বলেন, ‘পাঁচতলা ভবনের নিচতলায় থাকতেন ঐ নারী। হত্যার পিছনে পারিবারিক দ্বন্দ্ব বা অন্য কোনো সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মিরপুরের ১০ নম্বর সেকশনের সি ব্লকের চার নম্বর রোডের পাঁচতলা ঐ ভবনের নিচতলায় থাকতেন শাহনাজ পারভীন। ভবনের নিচতলায় গ্যারেজের সঙ্গে একটি কক্ষ তৈরি করে সেটি একটি ছোটো পরিবারকে ভাড়া দেওয়া হয়। কিন্তু চলতি মাসের শুরুতে বাসা ছাড়া এবং জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে শাহনাজ এবং তার পরিবারের সঙ্গে ঐ ভাড়াটিয়ার ঝামেলা হয়। একই বাসার ২য় তলায় নিহতের ছেলে ও ছেলের বউ এবং তিন তলায় মেয়ে থাকত। আর ওপরের দুই তলায় ভাড়াটিয়ারা থাকত।