সংসদের স্টিকারযুক্ত গাড়িতে চলাফেরা করতেন দেশের অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধান। স্টিকারযুক্ত গাড়িও জব্দ করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের পরিচালক ( মিডিয়া) লে. কর্নেল সারওয়ার বিন কাশেম। এদিকে গতকাল বৃহস্পতিবার সেলিম প্রধান ও তার দুই সহযোগীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মাদক মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন— আক্তারুজ্জামান ও রোকন।
অপর দিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই দিন (গতকাল) ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম মাদক আইনে সেলিম প্রধানসহ তিন জনের গ্রেফতার ও সাত দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে হাজির করেন। এরপর বিচারক ধীমান চন্দ্র মন্ডল তাদের গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন।
