নেত্রকোনা প্রতিনিধি
জেলার কলমাকান্দা উপজেলায় প্রমত্তা উব্দাখালি নদীর ভাঙনে একের পর এক গ্রাম বিলীন হচ্ছে। এ কারণে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে স্থানীয়রা। ভাঙনের কারণে নদীর পাড়ে থাকা বাড়িঘরও পানিতে ধসে গিয়ে নিমজ্জিত হয়। বিশেষ করে বাসাউড়া, বামনী, মনতলা, রঘুরামপুর এবং কলমাকান্দা সদর এলাকায় গত তিন বছরে তিন শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। নদীর ভাঙনের কবলে পড়ার ভয়ে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে। এলাকার বাসিন্দা ফখরুল আলম খসরু বলেন, তারা নদীভাঙনের কবল থেকে গ্রামগুলো রক্ষার জন্য বিভিন্ন সময়ে সরকারের কাছে আবেদন করলেও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নদীর প্রবল স্রোতে ধসে যায়। এ ব্যাপারে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, বিশাল এই নদীর ভাঙন রোধ করতে হলে বড়ো বাজেট প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে অর্থ না থাকায় পাড় সংরক্ষণ করা সম্ভব হবে না। তবে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
