ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলপুরে শুক্রবার খড়ের গাদায় নবজাতক কুড়িয়ে পেলেন এক দম্পতি। দুই দিন বয়সি ছেলে নবজাতককে মাতৃস্নেহে নিজের কোলে তুলে নিলেন হোসনা বেগম। উপজেলার মোকামিয়া গ্রামের খড়ের গাদা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
হাসিম উদ্দিন ও হোসনা বেগম দম্পতি জানান, তাদের পাঁচ ছেলে সন্তানের সঙ্গে যুক্ত হলো আরেক সন্তান। নতুন সন্তানের নাম রাখা হয়েছে ইমন। ধারণা করা হচ্ছে, ছেলেটি ভূমিষ্ঠ হয়েছে দুই দিন আগে। তার নাভি বাঁধা।
দত্তক মা হোসনা বেগম আরো জানান, ভোরে তার ভাতিজি খড়ের গাদায় পাশে শিশুর চিত্কারের শব্দ শুনে হোসনা বেগমকে খবর দেন। তিনি গিয়ে দেখেন অজ্ঞাত নবজাতককে তিনটি কুকুর ঘিরে রেখেছে। পরনে ছিল এক বছর বয়সি শিশুর একটি পুরোনো জামা ও বড় মানুষের একটি শার্ট দিয়ে পেঁচানো। পরে শিশুটিকে দুপুর পৌনে ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশু ইমন হাসপাতালের ওয়ার্ডের ১০ নম্বর বেডে চিকিত্সাধীন।
ঢাকা-শেরপুর মহাসড়কের পাশে মোকামিয়া গ্রামে শুক্রবার ভোরে শিশুটিকে ফেলে রাখা হয়।
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত জানান, নবজাতক বর্তমানে সুস্থ আছে ও জন্মগত কোনো ত্রুটি নেই শরীরে। স্থানীয় ও জেলা সমাজসেবা অফিস নবজাতকের খবর নিচ্ছে।
