মেহেরপুরে দুই দলে গোলাগুলি নিহত এক

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:০৭

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে বৃহস্পতিবার রাত তিনটার দিকে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ইসমাইল হোসেন বাক্কা নামের এক সন্ত্রাসী নিহত হয়। সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন বাক্কা চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লাপাড়ার মৃত সাদেক আলীর ছেলে।

মেহেরপুর সদরের বারাদী ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী জানান, সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যায় পুলিশ। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ বাক্কাকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বাক্কার একজন চিহ্নিত সন্ত্রাসী বলে জানায় পুলিশ। পুলিশের ধারণা অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।