স্পোর্টস রিপোর্টার
আলিস আল ইসলাম। বাংলাদেশের ক্রিকেটের অনুসরণকারীদের কাছে নামটা অপরিচিত নয়। বছরের শুরুতে দেশের ক্রিকেট জগতকে চমকে দিয়ে পাদপ্রদীপের আলোয় চলে এসেছিলেন এই অফস্পিনার। নেট বোলার থেকে কোচ খালেদ মাহমুদ সুজনের সুনজরে পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ঢাকা ডায়নামাইটসের একাদশে ঠাঁই পান আলিস। বিপিএল অভিষেকেই হ্যাটট্রিকসহ রংপুর রাইডার্সকে গুঁড়িয়ে দিয়ে আলোর মঞ্চে পদার্পণ এই তরুণের।
অবশ্য রঙ্গমঞ্চে আলিসের অবস্থান ছিল মাত্র আট দিনের। হাঁটুর ইনজুরিতে পড়ে চার ম্যাচ খেলেই বিপিএল থেকে ছিটকে পড়েছিলেন তিনি। সেই ইনজুরির ধাক্কায় ক্রিকেট থেকেই লম্বা সময় বিরতি নিতে হয়েছে তাকে। প্রায় আট মাস পর এখন ফেরার লড়াইয়ে আছেন আলিস। প্রায় ৮০ ভাগ ফিট এখন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। অনুশীলন শুরু করেছেন, বোলিং করছেন, ফিটনেস নিয়েও কাজ করছেন। গত বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমিতে রানিং, জিম করেছেন আলিস।
বিপিএলের সপ্তম আসরকে পাখির চোখ করেই এগুচ্ছেন এই অফস্পিনার। যদিও বিপিএল নিয়ে সম্প্রতি কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত মার্চে ভারতে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন আলিস। জানতে চাইলে নিজের অবস্থা সম্পর্কে তিনি বলেছেন, ‘ভারতের সার্জারিটা হয়েছে। মার্চ মাসের ২৭ তারিখে। তারপর রিহ্যাবে ছিলাম। সব মিলিয়ে দুই মাস আগে রানিং, বোলিং শুরু করেছি। এখন ইনশাল্লাহ ভালো আছি। রিহ্যাবে কাজ করেছি। ফিল্ডিং, ফিটনেস নিয়েও কাজ করেছি।’
রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করছেন আলিস। খুব দ্রুতই পূর্ণ ফিট হবেন বলে আশা এই তরুণের। তিনি বলেন, ‘পুরো শতভাগ ফিট হইনি। ৮০ শতাংশ বলতে পারেন। আমাদের যে ফিজিও মোহন ভাই (বাংলা ট্র্যাক একাডেমি) বলেছে, আগামী ১৫-২০ দিনের মধ্যে আমি পুরো ফিট হতে পারব।’
বিপিএলকে টার্গেট করেই প্রস্তুত হচ্ছেন আলিস। ডিসেম্বরে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টের সপ্তম আসর। তিনি বলেন, ‘এখন বিপিএল নিয়েই চিন্তা-ভাবনা করছি। এজন্য প্রস্তুত হচ্ছি। ফিটনেস লেভেলটা সেভাবে তৈরি করার চেষ্টা করছি। স্ট্রেন্থ বাড়ানোর কাজ করছি। সব মিলিয়ে হার্ডওয়ার্ক করছি।’
বিপিএলের ষষ্ঠ আসরে বোলিং অ্যাকশনেও ত্রুটি ধরা পড়েছিল আলিসের। শিগগিরই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন তিনি। জানালেন, ‘বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতেই আসলে ঢাকায় আসা এখন। নাসু স্যার (নাসির আহমেদ নাসু, বিসিবির এমআইএস ম্যানেজার) যখন শ্রীলঙ্কা থেকে ঢাকা আসবেন, তখন পরীক্ষা দেবো। পরীক্ষা ১৫-২০ তারিখের মধ্যে হতে পারে এই মাসে।’
উপভোগের সেই সময়ে ফিরতে চান আলিস। বিপিএলে বল হাতে নিজের সামর্থ্য আবারও প্রমাণ করতে চান। এই তরুণ বলেছেন, ‘আসলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আগের মতো, আগের জায়গায় ফিরে আসার জন্য। আশা করি হবে।’
অফস্পিনার হিসেবে সুনীল নারিনই আলিসের আদর্শ। এই ক্যারিবিয়ানের মতোই ক্যারম বলই তার মূল অস্ত্র। আলিস বলেন, ‘আমি যে বলটা করি সেটা দুসরা না। অনেকে মনে করে দুসরা। আমারটা আসলে ক্যারম বল। আর ক্যারম বল এখন অনেকেই করে। নারিন করে, মুজিব উর রহমান করে। আমিও করি। ক্যারম বলই আমার মূল শক্তি।’
