শেষ ম্যাচেও পারল না লিটনের দল

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

আগের ম্যাচেও ২১ রান করেছিলেন লিটন দাস। গতকাল গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষেও ২১ রান করলেন বাংলাদেশি এই ব্যাটসম্যান। তার দল জ্যামাইকা তালাওয়াস আগেই ছিটকে পড়েছে সেরা চারে ওঠার লড়াই থেকে। গতকাল লিগ পর্বের শেষ ম্যাচেও গায়নার বিপক্ষে ৭৭ রানের বড়ো ব্যবধানে হারল জ্যামাইকা।

ক্রিস গেইলের ওপর ভরসা করে এবার সিপিএলে লড়াই শুরু করেছিল জ্যামাইকা। কিন্তু তারা ভালো কিছু করতে পারেনি। শেষ দুই ম্যাচ খেলার জন্য তারা বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে গিয়েছিল লিটনকে। তাতেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

টসে জিতে আগে ব্যাট শুরু করে গায়না। শুরুতে ভয়াবহ ধসের মুখে পড়ে তারা। মাত্র ৮ বলের মধ্যে ৮ রানে হারিয়ে ফেলে তারা ৪ উইকেট। আর এখান থেকেই পালটা আক্রমণ করে পথ তৈরি করে দেন শোয়েব মালিক ও শেরফানে রাদারফোর্ড। দুই জনে ৮২ রানের জুটি করেন। রাদারফোর্ড ৪৩ বলে ৪৫ রান করে ফেরেন। অন্য প্রান্তে ৪৫ বলে পাঁচটি চার ও দুইটি ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন মালিক। সব মিলিয়ে গায়না ছয় উইকেটে ১৫৬ রান করে।

জবাব দিতে নেমে জ্যামাইকারও শুরুটা ভালো হয়নি। ১৮ রানে হারিয়ে ফেলে তারা দুই উইকেট। গেইল প্রথম বলেই আউট হয়ে যান। এখান থেকে ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন ফিলিপস ও লিটন। দুই জনই ২১ রান করে করেন। আর এটাই জ্যামাইকার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল। এরপর আর কেউ পালটা আক্রমণ করতে পারেননি। ফলে ১৬.৩ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যায় তারা।