হাটহাজারীতে পাঁচ দোকানকে জরিমানা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:২৬

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট বাজার এলাকার থেকে চৌধুরীহাট বাজার এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়। এ সময় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রয়ের অপরাধে পাঁচটি দোকানকে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সম্রাট খীসা জানান, এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

উল্লেখ্য, গত বুধবারও বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন পৌরসভার মুরগিহাটে অভিযান চালিয়ে আমির হোসেনের রড সিমেন্টের গোডাউন থেকে ৫ হাজার কেজি পেঁয়াজ জব্দ করে এবং অধিক মূল্যে বিক্রয়ের জন্য কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে ৫০ হাজার টাকা আর্থিক দণ্ড করা হয়েছিল।