বড়লেখায় অস্ত্রসহ গ্রেফতার যুবক কারাগারে

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:২৭

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে অস্ত্রসহ গ্রেফতার হওয়া মো. আবুল কাসেমকে (৩৮) শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের কৃষ্ণনগর (বোবারথল) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল ঐ ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। 

এই ঘটনায় বিজিবির বোবারথল বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল হামিদ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হওয়া মো. আবুল কাশেম ও পলাতক তিন জনের নাম উল্লেখ করে চার জনের নামে বড়লেখা থানায় এজাহার দিয়েছেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘বিজিবি অস্ত্র-কার্তুজসহ একজনকে আটক করে। আটক ব্যক্তি অস্ত্রটির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে আটক ব্যক্তিসহ চার জনের নামে মামলা দিয়েছে বিজিবি। অস্ত্রটি কার নামে নিবন্ধন করা এটি তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’