রায়পুরা-আরশীনগর প্রধান সড়ক খানাখন্দে ভরা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:৩২

বাড়ছে জনসাধারণের দুর্ভোগ

মো. মোস্তফা খান, রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের পাশ দিয়ে নির্মিত রায়পুরা-নরসিংদীর আরশীনগরে সড়কের ১৭ কিলোমিটারের অধিকাংশই খানাখন্দে ভরে গেছে। এতে বাড়ছে জনসাধারণের দুর্ভোগ। সরেজমিনে জানা গেছে, নরসিংদী আরশীনগর হয়ে মদনগঞ্জ পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার পাকা সড়ক তিন বছর আগে নির্মাণ করা হয়। পরে এ সড়কটি রায়পুরা-নরসিংদীর প্রধান সড়ক হিসেবে পরিচিতি পেলেও সংস্কারের অভাবে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ছে। কয়েকটি এলাকায় রাস্তা ভেঙে পাশের জমিতে পড়ে গেছে। যানবাহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হচ্ছেন যাত্রীরা।

স্থানীয়রা জানান, কয়েকজন শ্রমিককে মাঝেমধ্যে রাস্তা মেরামত করতে দেখলেও তাদের কাজ শেষ করতে দেখা যায়নি। যাত্রীরা জানান, সড়কটি দিয়ে রায়পুরা থেকে জেলা সদর নরসিংদী যেতে আগে সময় লাগতো ২০-২৫ মিনিট। এখন সময় লাগে ৪৫ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা।

সিএনজি ও অটোরিকশা চালকরা জানান, সড়কে অতিরিক্ত ভাঙনে যেখানে প্রতিদিন দুই-তিন বার যাতায়াত করতে পারতাম সেখানে এক বার যেতে পারি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, রাস্তাটি মেরামত করা অত্যন্ত জরুরি। জেলা উন্নয়ন কমিটির সভায় একাধিকবার রাস্তার বিষয়টি তুলে ধরেছি। সওজ কর্তৃপক্ষ রাস্তাটি দ্রুত মেরামত করবেন বলে জানিয়ে আসছেন।

সড়ক ও জনপথ বিভাগ নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, রাস্তা সংস্কারের কাজ অব্যাহত রয়েছে। তাছাড়া পুরো রাস্তার একটি প্রকল্প হাতে নিয়েছি, সেটা শুরু হতে বছর খানেক লেগে যাবে।