ইয়াবা লুকানোর অভিযোগে পটিয়ায় এসআই ক্লোজ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:৩৩

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়ায় জব্দ করা ইয়াবা নিয়ে লুকোচুরি করার দায়ে পটিয়া থানার এসআই নাদিম মাহমুদকে শুক্রবার বিকালে ক্লোজ করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন। গত ১৭ আগস্ট পটিয়া থানায় জব্দকৃত ১৫ হাজার পিস ইয়াবা মালখানায় না রেখে ব্যক্তিগত জায়গায় রেখেছিল এসআই নাদিম। জব্দকৃত ইয়াবা থেকে ৬০০ পিস ইয়াবা না পাওয়ায় থানা প্রশাসনে শুরু হয় তোলপাড়। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুলকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা পুলিশ শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইনকে সদস্য করা হয়। তদন্ত কমিটি গত বুধবার একটি প্রতিবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে ক্লোজ করা হয়েছে। এসআই নাদিম মাহমুদ বলেন, ইয়াবা গণনার সময় তিন প্যাকেটে ৬০০ পিস পড়ে গিয়েছিল। এসব ইয়াবা ওসি স্যারের সামনে মামলার বাদী মোবারককে বুঝিয়ে দিয়েছেন। বিনা কারণে তাকে ক্লোজ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ও তদন্ত কমিটির প্রধান আফরুজুল হক টুটুল বলেন, ইয়াবা সংক্রান্তে একটি তদন্ত করা হয়েছে এবং একটি প্রতিবেদনও জেলা পুলিশ সুপারকে জমা দেওয়া হয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, প্রশাসনিক কারণে এসআই নাদিম মাহমুদকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে একটি তদন্ত কমিটি এসআই নাদিমের বিরুদ্ধে একটি প্রতিবেদন দাখিল করেছিল।