খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে শেখ হাসিনার “নো কমেপ্রামাইজ” বলাতেই প্রমাণিত হয় শেখ হাসিনার জেদ ও প্রতিহিংসার কারণেই খালেদা জিয়া কারাগারে বন্দি আছেন।  বেগম খালেদা জিয়ার বিয়োগান্তক পরিণতি না ঘটানো পর্যন্ত শেখ হাসিনার প্রতিহিংসা পূরণ হবে না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে বাঁচানোর শর্তই হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি। এ কারণেই তরুণদের ঝাঁপিয়ে পড়তে হবে। গতকাল নয়াপল্টনে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে অন্যদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কামরুজ্জামান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মো. রাজিব আহমেদ, সহ-সভাপতি মাহামুদুল হাসান বসুনিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সজীব আহমেদ রানাসহ বিভিন্ন থানা ও কলেজের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।