জনবল সংকটে ধুঁকছে কুলাউড়ার শরিফপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি। এতে দূর-দূরান্ত থেকে আগত রোগীরা প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন।
জানা যায়, কুলাউড়া উপজেলার সীমান্ত সংলগ্ন শরিফপুর ইউনিয়নের জনসংখ্যা প্রায় ২৮ হাজার। চিকিত্সা কেন্দ্রগুলোর অবকাঠামোগত কিছুটা উন্নয়ন হলেও সেবা প্রদানকারীর সংখ্যা অত্যন্ত অপ্রতুল। একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে চলছে ইউনিয়নের তেলিবিল বাজারে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি। কেন্দ্রের পরিদর্শিকা জাহানারা বেগম জানান, প্রায়ই এখানে দূরবর্তী গ্রামাঞ্চল থেকে দরিদ্র গর্ভবতী মায়েরা আসেন চিকিত্সা সেবা নিতে। প্রয়োজনীয় ওষুধপত্রের অভাব রয়েছে এই কেন্দ্রে। একজন মহিলা দ্বারা এই কেন্দ্রটি পরিচালিত হওয়ায় অনেক সময় রোগীর সঙ্গে আসা মহিলাদের সাহায্য নিয়ে প্রসূতির ডেলিভারি করাতে হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, লোকবল সংকটের কারণে একজন প্রশিক্ষিত পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে এই সকল কেন্দ্র পরিচালনা করা হয়। এই উপজেলায় ৩৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, তবে কোনো ক্লিনিকে ডাক্তার নেই। এরমধ্যে ৮টি কেন্দ্র পরিবার পরিকল্পনা বিভাগের নিয়ন্ত্রণে। এগুলো দেখাশুনা করেন পরিবার কল্যাণ পরিদর্শিকারা।
