আড়াইহাজারে ট্রাক্টরের চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০০:১০

 

 আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আবু সাইদ (১০) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের নোয়াগাঁওয়ের রাস্তায় এই ঘটনা ঘটে। নিহত আবু সাইদ কদমিরচর গ্রামের আব্দুল বাছেদের ছেলে এবং কদমিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের এএসআই শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে শিশু সাইদ তার নানাবাড়ি নোয়াগাঁও থেকে তার নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় নোয়াগাঁও গ্রামের এক কৃষক জমি চাষ করতে তার ট্রাক্টর নিয়ে ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চাপায় সাইদ ঘটনাস্থলেই নিহত হয়। অভিযোগ পাওয়া গেছে যে, ট্রাক্টরচালক ঐ সময় মোবাইল ফোনে কথা বলছিল। ঘটনার পর এলাকাবাসী ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।