কলেজ ভবন তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০০:১১

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের দুইতলা ভবনের তিনতলা করার কাজে নিম্নমানের ইট, বালু, সিমেন্ট ও খোয়া ব্যবহার করার অভিযোগে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।  জানা গেছে, উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রশাসনিক দুইতলা ভবনের তিনতলা করার জন্য প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ আসে। শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগ থেকে টেন্ডার আহবান করা হলে এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। কিন্তু কাজের গুণগতমান খারাপ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, তিনতলা ভবনের ছাদ ঢালাই করার পর পানি পড়ছে। জানা গেছে, ঢালাইয়ের সময় গাছের পাতাসহ ঢালাই করা হয়। ঢালাইয়ের পর বিমের নিচে পাতাগুলো ভেসে উঠেছে। ঐ  ঠিকাদার প্রতিষ্ঠানের নামে কাজের ওয়ার্ক অর্ডার থাকলেও ঐ কাজ এক সাবঠিকাদারের কাছে কাজ বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।