পাহাড় রক্ষা করে পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২১:০৮

আমাদের দেশের পর্বতগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলা সম্ভব। তাই পার্বত্য অঞ্চলের পাহাড়ের পরিবেশ ও মাটির গুণাগুণ বিনষ্ট না করে এ সম্পদকে যথাযথভাবে কাজে লাগানো গেলে পার্বত্য চট্টগ্রামের কৃষিসহ পর্যটন শিল্পের মাধ্যমে এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নত হবে বলে মত ব্যক্ত করেছেন বক্তারা।

গতকাল মঙ্গলবার সকালে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে সেমিনারে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সেমিনারের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা সভাপতিত্বে রাঙ্গামাটি উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিযোগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী এম আমিনুর ইসলাম।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. প্রদানেন্দু চাকমা, উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক পর্বত উন্নয়ন সংস্থা (ইসিমডে)’র অর্থনীতিবিদ ড. গোলাম রসুল।

বক্তারা বলেন, আমাদের পাহাড়গুলোকে রক্ষা করে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পরিচর্যা করতে হবে। তাছাড়া পাহাড়ে বনায়ন বাড়াতে হবে। আর বনায়ন করতে গেলে পানির কোনো বিকল্প নেই। সেই পানির উত্স আমাদের রয়েছে তা হলো কাপ্তাই হ্রদ। তাই আমাদের পানির জন্য কাপ্তাই হ্রদকে দূষণমুক্ত রাখতে হবে।