চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার বৈঠক

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০১:২৩

কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহেই উত্তর কোরিয়া ও মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে বসবেন। জুনে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থমকে থাকা নিরস্ত্রীকরণ আলোচনা ফের শুরুতে আগ্রহ দেখানোর চার মাস পর সুইডেনে আনুষ্ঠানিক এই বৈঠক হতে যাচ্ছে। খবর  রয়টার্স। 

দুই দেশের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠকটিতে ট্রাম্পের নিয়োগ দেওয়া উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন বিগেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে উত্তর কোরীয় দলের নেতৃত্ব দেবেন ভিয়েতনামে দেশটির সাবেক রাষ্ট্রদূত কিম মিয়ং গিল। সামপ্রতিক মাসগুলোতে জাপান সাগরে পিয়ংইয়ংয়ের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পুনরায় আলোচনা শুরুর এ উদ্যোগ নিল নেওয়া হলো। সর্বশেষ গত বুধবারও উত্তর কোরিয়া সাবমেরিন থেকে উেক্ষপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে দেশ দুইটির ওপর নানা পক্ষের চাপ থাকা সত্ত্বেও উভয় দেশই নিজেদের অবস্থানে অনড় থাকায় ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বৈঠকটি ব্যর্থ হয়। এরপর থেকে ওয়াশিংটন বেশ কয়েক দফা নতুন করে আলোচনা শুরুর প্রস্তাব দিলেও পিয়ংইয়ং তাতে সাড়া দেয়নি। ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্ত করার পর গত সপ্তাহে উত্তর কোরিয়া ফের আলোচনা শুরুতে তত্পর হয়।

পর্যবেক্ষকরা বলছেন, কট্টরপন্থি বোল্টনকে সরিয়ে দিয়ে ট্রাম্প তুলনামূলক উদারপন্থি বিগেনকে আলোচনার দায়িত্ব দেওয়ায় পিয়ংইয়ং বৈঠকে সম্মতি দিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও দুই দেশ একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কোনো ‘সাধারণ ভিত্তি’ খুঁজে পায় কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। স্টকহোমের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বেইজিংয়ে উত্তর কোরীয় প্রতিনিধি দলের নেতা গিল সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের দিক থেকে নতুন সংকেত মিলেছে, এ কারণেই আমরা আলোচনার ফলাফল নিয়ে বড়ো ধরনের প্রত্যাশা ও আশাবাদ নিয়ে যাচ্ছি।’

ইত্তেফাক/এসআর