গোবিন্দগঞ্জে কিডনি বিক্রয়ে প্রলোভন দেয়ার অভিযোগে গ্রেফতার ১

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৩:২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিডনি বিক্রয়ে প্রলোভন দেয়ার অভিযোগে জিয়াউর রহমান জিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইমরান রুবেলের নেতৃত্বে একটি পুলিশ দল গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার রাজাহার ইউপির বরট্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার বাচ্চা মিয়ার ছেলে।

একই গ্রামের হযরত আলী বাদী হয়ে জিয়াকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করলে পুলিশ জিয়াকে গ্রেফতার করে। মামলার এজাহারে হযরত উল্লেখ করেন, জিয়া কিডনি বিক্রয়ের জন্য তাকে উৎসাহিত করে ঢাকা নিয়ে যায়। এরপর তাকে ঢাকার সিন্ডিকেটের নিকট হস্তান্তর করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, জিয়া কিডনি ক্রয়-বিক্রয় চক্রের আন্তঃদেশীয় গুরুত্বপূর্ণ সদস্য। তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ নিয়ে এই চক্রের দুইজনকে গ্রেফতার করা হলো।

উল্লেখ, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ও শাখাহার ইউনিয়নের বিভিন্ন এলাকায়  মোটা অংকের টাকা দেয়ার নাম করে গ্রামের সহজ সরল ও নিরিহ মানুষদের কিডনি বিক্রিতে উত্সাহিত করে সিন্ডিকেটের হাতে তুলে দেয়। পরে তাদের সামান্য কিছু টাকা দেয়া হয়। কিডনি দেয়া লোকজন এখন অনেকেই অসুস্থ হয়ে বিনাচিকিত্সায় মানবেতর জীবনযাপন করছে।

ইত্তেফাক/এএম