উইকেটে বৈচিত্র্য চান মার্শাল

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২০:৫৩

জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পার্থক্যটা নাকি আকাশ আর পাতালের। বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে পার্থক্যটা বেশি চোখে পড়ে। টেস্টের উইকেট আর দেশের এক নম্বর প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় লিগের উইকেটের মধ্যে সামঞ্জস্য সামান্যই।

এই পার্থক্যটা ঘুঁচানোর দাবি জানালেন ঘরোয়া ক্রিকেট অঙ্গনের অভিজ্ঞ ক্রিকেটার মার্শাল আইয়ুব। ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগকে সামনে রেখে তিনি বলেন, ‘গত দুই বছরের টেস্ট যদি দেখি তাহলে মিরপুরে সাধারণত স্পিনিং ট্র্যাক থাকে। আর আমাদের জাতীয় লিগ এবং বিসিএলে চেষ্টা করা হয় ঘাসের উইকেটের জন্য। কিছু কিছু জায়গায় পাওয়া যায়, তবে সব জায়গায় পাওয়া যায় না। যেমন বগুড়া, রাজশাহী এরপরে সিলেট, এমনকি ফতুল্লাতেও ভালো উইকেট থাকে। স্পোর্টিং উইকেট হলে আসলে ভালো হয়। বোলারদের জন্য সুবিধা যেন থাকে আবার ব্যাটসম্যানরাও রান করতে পারে। এমন উইকেট হলে আমাদের জন্য ভালো হয়।’

এরপরও রান করার অভ্যাস গড়ার ক্ষেত্রে জাতীয় লিগের কোনো বিকল্প দেখেন না মার্শাল। তিনি বলেন, ‘আমাদের উইকেট তো ফ্যাক্ট একটা। আন্তর্জাতিক লেভেলে আসতে হলে আরো মনোযোগী হওয়া উচিত আমাদের ব্যাটসম্যানদের। ধারাবাহিক একটা অভ্যাস, যেমন দেখেন (এনামুল হক) বিজয় ধারাবাহিকভাবে রান করতেই থাকে। ওর একটা ধারাবাহিক রান করার অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটি যদি আন্তর্জাতিক ক্রিকেটে সবার হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। আন্তর্জাতিক লেভেলের জন্য ভালো হবে, মানে টেস্টে।’

জাতীয় লিগ ব্যাটসম্যানদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনছে বলে দাবি করে তিনি বলেন, ‘আপনি ২০১৩ সালের পর থেকে দেখবেন যে আমাদের ব্যাটসম্যানদের মধ্যে পরিবর্তন এসেছে। এর আগে ১০০ হতো দুই, তিনটি। এখন ১০০ হয় অনেক। আপনি ২০০ রানও পাবেন। ২০০ কিংবা ২৫০ ধারাবাহিকভাবে তিন-চারটা কিন্তু হচ্ছে এখন। মানে আমরা দিন দিন উন্নতি করছি। সামনে এমন আরো হবে।’

জাতীয় লিগ শুরুর আগে খেলোয়াড়দের অনুশীলনের জায়গা নিয়ে বরাবরই ঝামেলা পোহাতে হয়। মার্শাল বলেন, ‘সবসময় জাতীয় লিগটা আমাদের জন্য। আমরা যারা আছি জাতীয় দলের বাইরে তাদের জন্য এই লিগটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটি স্টেজে আছি, এখানে পারফরম্যান্সটা দেখানো আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেন একটা কিছুতে আসতে পারি এর জন্য। আমাদের ঢাকার মাঠ তো অনেক কম, জায়গা পাওয়া যায় না। মাঠ তেমন পাওয়া যায় না। এখানে রানিং, জিম এগুলো করতে পারি আর উইকেট পাওয়া যায় অনুশীলন করার।’