কামরুজ্জামান মুক্তা, বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
শুরু হয়েছে সারদীয় দুর্গাপূজা। আনন্দে উদ্বেলিত হিন্দু সম্প্রদায়। এই সময়টাতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে পড়েছে নারকেল কেনার ধুম। কারণ দুর্গাপূজায় তাদের খাদ্যতালিকায় অন্যতম উপকরণ হলো নারকেলের নাড়ু এবং নারিকেল দিয়ে তৈরি নানা রকমের পিঠা-পায়েস। পূজা উপলক্ষ্যে প্রতিটি বাড়িতেই এখন তৈরি হবে নারকেল দিয়ে সুস্বাদু নানা ধরনের খাবার।
সরেজমিন বদরগঞ্জ পৌরসভায় দেখা যায়, পৌর শহরের অলিগলিতে খুচরা বিক্রেতাসহ আড়তদাররা ব্যস্ত সময় পার করছেন নারকেল বেচাকেনায়।
নারিকেলবিক্রেতা জমসেদ আলী (৫৮) বলেন, ‘দুর্গাপূজার সময় নারকেলের চাহিদা অনেক গুণ বেড়ে যায়। এবারের চাহিদা আরো বেশি। আমি বাগেরহাট জেলার চুলকাঠি বাজার থেকে নারকেল কিনে বদরগঞ্জে নিয়ে আসি। আমার কাছ থেকে অনেক মৌসুমি ব্যবসায়ী নারিকেল কিনে ব্যবসা করছেন।’
জমসেদ আলী আরো বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষ্যে এ পর্যন্ত আমার আড়ত থেকে কমপক্ষে ৫৫ হাজার পিস নারকেল বিক্রি হয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, তিস্তাসহ দেশের নানা প্রান্তের খুচরা ব্যবসায়ীরা আমার কাছ থেকে নারিকেল নিয়ে যাচ্ছেন। এ ছাড়া খুচরা ক্রেতাদের কাছে প্রতি জোড়া নারকেল ৯০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি করছি।’
মৌসুমি নারকেল ব্যবসায়ী মহাবীর (৪৭) বলেন, ‘আমি মূলত ফলমূলের খুচরা ব্যবসায়ী। দুর্গাপূজার এই সময়টাতে আমি নারকেলের ব্যবসা করি।’
