আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে যে শুদ্ধি অভিযান চলছে তা কোনো দল বা গোষ্ঠীর মধ্যে পরিচালিত হচ্ছে না। দুর্নীতিবাজ ও দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোত্সবের মহাসপ্তমীর দিন দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে শুদ্ধি অভিযান শুরু করেছেন, তাতে আমি আপনাদের সহযোগিতা চাই। এই দুর্বৃত্তরা শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার শত্রু। দুর্নীতিবাজ, লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাজ থেকে শুরু করে সারাজীবনে যারা জনগণের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়, যারা শেখ হাসিনার সরকারের বিশাল অর্জনকে ম্লান করে দিতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। শাস্তি তাদের পেতেই হবে, কেউ ছাড় পাবে না, যে যত প্রভাবশালী হোক না কেন। তিনি বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা কেউ বিঘ্নিত করলে তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন। আপনাদের কোনো ভয় নেই, মাথা উঁচু করে দাঁড়াবেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন। আপনার ভোট মানে-গুণে মুসলমানের চেয়েও কম নয়, সবারই ভোটাধিকার সমান। সেতুমন্ত্রী বলেন, সব ধর্মকে সবার সম্মান করা উচিত। সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করবেন। যখন আজান হয়, তখন আপনারা গান-বাজনাটা একটু বন্ধ রাখবেন। এটা সবার যেন উত্সব হয়, কারো অনুভূতিতে যেন কষ্ট না হয়, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন।
এ সময় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোররঞ্জন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
