আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি কারাবন্দি বেগম খালেদা জিয়া প্যারোলে না জামিনে মুক্তি পাবেন এ প্রসঙ্গে বলেন, বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তিনি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে আদালতের রায়ে কারাভোগ করেছেন। তার মুক্তির ব্যাপারে দল বা সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
গতকাল শনিবার বিকালে সিরাজগঞ্জে নির্মাণাধীন শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। চলমান দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দল এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ১৪ দল এবং জনগণ দুর্নীতিবিরোধী এ অভিযান সমর্থন করেছে।
একাডেমিক ভবন ও হোস্টেল নির্মাণ কাজের ৮০ ভাগ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছেন। এর আগে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের প্রবেশমুখ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের মুলিবাড়িতে জাতীয় চার নেতা শহিদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পের উন্নয়নকাজ পরিদর্শনকালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, সহপ্রকৌশলী মাহবুবা আক্তার, উপসহকারী প্রকৌশলী আল মোমেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো প্রমুখ উপস্থিত ছিলেন।
