বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাদের পাঠানো খবর—
পঞ্চগড়: স্কুল ছুটির পর বাবার সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় রিশা আক্তার (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সাতমেরা এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রিশা সাতমেরা গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে ভজনপুর ইসলামী নূরানি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর বাজার নামক স্থানে গতকাল একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই জন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, কাশিপুরে হাশেম (৪৫) ও এয়ারপোর্ট এলাকার সালেহা বেগম (৫০)। প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।
দিনাজপুর: বিরলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোরের মৃত্যু ও আরো একজন আহত হয়েছে। গতকাল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন—উপজেলার হাসিলা গ্রামের হরিদাস রায়ের ছেলে মিন্টু রায় (১৬) ও একই এলাকার গয়নাথ রায়ের ছেলে সনজিত্ রায় (১৫)। গত শুক্রবার বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের চনকালী নামক এলাকায় পূজা দেখতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া (নড়াইল): নড়াইল-কালনা-লোহাগড়া সড়কের টাটা ইটভাটা নামক স্থানে গতকাল বালি বোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক আলী আকবার শেখ (৬৫) নিহত হয়েছেন। আলী আকবার শেখ চরকরফা গ্রামের।
মহেশপুর (ঝিনাইদহ): মহেশপুরে ভোটের লিফলেট কোড়ানোর সময় মোটরসাইকেলের ধাক্কায় মাহি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জলিলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাহি ঐ গ্রামের আনোয়ারুল হক সুজার ছেলে।
নীলফামারী: নীলফামারী-পঞ্চপুকুর সড়কে গত শুক্রবার মাইক্রোবাসের ধাক্কায় জহির উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। জহির উদ্দিন পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামের।
সাতক্ষীরা: কালিগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজী সাইদুর রহমান (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও আরো ১২ জন আহত হয়েছেন। গতকাল কালিগঞ্জ উপজেলা সদরের একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার মৌতলা গ্রামের।
