২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাওয়া এক প্রার্থীর প্রচারণা শিবির লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েও ব্যর্থ হয়েছে ইরানি একটি হ্যাকার গোষ্ঠী। মার্কিন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট এই তথ্য জানিয়েছে। শুক্রবার মাইক্রোসফটের ওই বিবৃতির পরপরই বেশ কয়েকটি সূত্র ট্রাম্পের পুননির্বাচনী প্রচার শিবিরের কর্মকর্তাদের অ্যাকাউন্ট লক্ষ্য করেই ইরানি হ্যাকাররা ওই হামলাটি চালিয়েছিল নিশ্চিত করেছে। মাইক্রোসফট অবশ্য তাদের বিবৃতিতে কোনো প্রার্থীর নাম বলেনি। ‘ফসফরাস’ নামের ওই হ্যাকার গ্রুপ চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যবর্তী ৩০ দিনে দুই হাজার ৭শ’রও বেশি অ্যাকাউন্টের পরিচয় জানতে চেষ্টা করে। পরে তারা সুনির্দিষ্ট ২৪১টি অ্যাকাউন্ট লক্ষ্য করে হামলা চালায়। মাইক্রোসফটের এ দাবি প্রসঙ্গে ইরান সরকারের তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। —বিবিসি ও রয়টার্স
