কাশ্মীরে ঢুকতে না দেওয়ায় ভারত সরকারের নিন্দায় মার্কিন সিনেটর

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০০:৪৫

কাশ্মীরে ঢুকতে না পেরে ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন। গত দুই মাস ধরে উপত্যকাকে কার্যত অবরুদ্ধ এবং বহির্বিশ্বের থেকে বিচ্ছিন্ন করে রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার কথায়, ‘কিছু লুকনোর না থাকলে, সেখানে ঢুকতে দিতে ভয় পাওয়ার কথা নয়।’ সমপ্রতি দুই দিনের ভারত সফরে এসেছিলেন সিনেটর ক্রিস ভ্যান। গত বৃহস্পতি এবং শুক্রবার দিল্লিতে একাধিক আমলা এবং কর্মকর্তাদের সঙ্গে দেখাও করেন। তার এক সপ্তাহ আগে ভারত সরকারকে চিঠি দিয়ে কাশ্মীরে প্রবেশের আবেদন জানালেও অনুমতি মেলেনি। তার জেরেই মোদি সরকারের তীব্র সমালোচনা করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, নিজের চোখে কাশ্মীরের পরিস্থিতি দেখতে চেয়েছিলাম। সেই মতো এক সপ্তাহ আগে থেকে আবেদন জানিয়ে রেখেছিলাম। তা সত্ত্বেও অনুমতি মেলেনি। কাশ্মীরে যাওয়ার পক্ষে এখন সময় অনুকূল নয় বলে জানিয়ে দেওয়া হয় আমাদের। —আনন্দবাজার পত্রিকা ও ইন্ডিয়ান এক্সপ্রেস